আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

0
10

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছরকে (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটানো জরুরি। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও কর্ম আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, কবি নজরুলের জীবন ও দর্শন বিশ্বসাহিত্য দরবারে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাঁর স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান এবং স্মারক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিপৌত্রী খিলখিল কাজী, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা।

অনুষ্ঠানে কবি নজরুল গবেষণা ও তাঁর জীবন-দর্শনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন গুণীকে নজরুল পদক ও সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে তিনি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে