অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

0
6

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ন্যায়বিচার মানুষের সাংবিধানিক অধিকার। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী। অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার লিগ্যাল এইড কর্মসূচি চালু রেখেছে।

প্রধানমন্ত্রী জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে থাকার সময় তিনি দেখেছেন অনেক অসচ্ছল মানুষ বছরের পর বছর বিনা বিচারে বন্দি ছিলেন। এ বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে সরকার লিগ্যাল এইডকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বিচার শুধু আদালতকেন্দ্রিক কোনো প্রক্রিয়া নয়, এটি একটি জীবন্ত মূল্যবোধ। ন্যায়বিচার তখনই কার্যকর হয় যখন আইন মানুষের মর্যাদা ও অধিকার সংরক্ষণের হাতিয়ার হয়ে ওঠে। এজন্য সরকার সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধনী এনেছে এবং মামলা শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করেছে। এতে কয়েক হাজার বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের মনে আস্থা থাকতে হবে যে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসের প্রতিফলন হয়ে উঠবে। তিনি আহ্বান জানান, সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে ন্যায়বিচার হবে শেষ কথা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে