লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা চালালেও স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা ব্যর্থ করে দিয়েছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, ওই সময় ১০-১২ জনকে বহনকারী একটি গাড়ি সীমান্তে এসে থামে। বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা গাড়িতে থাকা ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে স্থানীয়রা দ্রুত মাইকিং করে জড়ো হন এবং বিজিবিকে খবর দেন। গ্রামবাসী ও বিজিবির সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটে এবং একপর্যায়ে ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতা নিরাপত্তা আরও শক্তিশালী করছে।
সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ-ইন নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে লালমনিরহাট সীমান্তে গ্রামবাসী ও বিজিবির ঐক্যবদ্ধ প্রতিরোধকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।




























