জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী

0
110

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চারটি সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই পাহাড়ি জনপদকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড।

সোমবার (৮ জুন) আয়োজিত মতবিনিময় সভায় ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জানান, আলীনগর উচ্চ বিদ্যালয় থেকে ছিন্নমূল এলাকা পর্যন্ত একটি সড়ক, আলীনগর-টেক্সটাইল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সড়ক, আলীনগর থেকে বিএমএ পাশ দিয়ে ভাটিয়ারী-বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সংযুক্ত আরেকটি সড়ক এবং অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে।

প্রায় ৩,১০০ একর বিস্তৃত এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াসিন ও রোকন বাহিনীর মতো সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য ছিল। অতীতে র‌্যাবের এক কর্মকর্তার প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এলাকাটি পরিদর্শন করে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন। এরপর প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৬ ইসিবি। ভবিষ্যতে প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কগুলো হবে ১৮ ফুট প্রশস্ত, যেখানে অন্তত তিনটি বড় সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা ও রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে।

বর্ষা মৌসুমে কাজের চ্যালেঞ্জ সত্ত্বেও বিশেষ কৌশলে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। স্থানীয়রা মনে করছেন, সড়ক নির্মাণ সম্পন্ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে বড় পরিবর্তন আসবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে