ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হতে যাচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, ১১ জুন বাজেট উপস্থাপন করা হবে এবং ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন থেকে নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শুরু হবে।
চিফ হুইপ আরও বলেন, ৩০ জুন বাজেট পাস করতে হবে বিধায় প্রতিদিন সকাল ও বিকেলে দুইবেলা বৈঠক হতে পারে। পাশাপাশি এ অধিবেশনে কয়েকটি বিলও উত্থাপিত হবে।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়, যেখানে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়েছিল।
আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের আকার প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ লাখ ৮৩ হাজার কোটি টাকা। তবে বিভিন্ন প্রস্তাবনায় এটি বাড়িয়ে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। চলতি অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, অর্থাৎ নতুন বাজেট হবে প্রায় ৯৩ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি।




























