বিএসএফের পুশইন অপচেষ্টা ব্যর্থ: শূন্যরেখায় অসহায় নারী-শিশু

0
5

লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ফলে এসব মানুষ বর্তমানে সীমান্তের শূন্যরেখা ও নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। একইভাবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়েও বিএসএফ ২৮ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, যারা এখনো শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও শুক্রবার বিকেল পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজিবি জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পতাকা বৈঠকে বিএসএফ প্রথমে পুশইনের বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেয়। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে তীব্র রোদ, রাতের ঠাণ্ডা, বৃষ্টি এবং খাদ্য ও পানির অভাবে সীমান্তে আটকে থাকা মানুষগুলো বিশেষ করে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।

বাংলাদেশ সরকার এ ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে স্পষ্ট করেছে যে, অবৈধভাবে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ফেরত পাঠাতে হলে আইনি ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আদালতের রায়, কনস্যুলার যাচাই এবং ট্রাভেল পারমিট ছাড়া কাউকে সীমান্তে এনে ছেড়ে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন।

মানবাধিকারকর্মীরা বলছেন, শূন্যরেখায় মানুষকে এভাবে আটকে রাখা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন। সীমান্তে আটকে থাকা শিশুদের কান্না ও নারীদের আকুতি স্থানীয় বাসিন্দাদেরও ব্যথিত করছে। বাংলাদেশ সরকার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে