কোরবানির ঈদকে সামনে রেখে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকারের নজরদারি থাকবে। প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে।
বুধবার (২৭ মে) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পরে তিনি সার্কিট হাউসে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী আরও বলেন, চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এর উদ্দেশ্য চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। পাশাপাশি তিনি জানান, আগামীর বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবে এবং বিনিয়োগ আকর্ষণ করবে।
চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছর কওমি মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে দাম নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে।




























