নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রাই সবচেয়ে বড় আনন্দ: সেতুমন্ত্রী

0
18

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত ঈদযাত্রাই ঈদের সবচেয়ে বড় আনন্দ। রোববার (২৪ মে) গাজীপুর জেলার কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে সড়কপথে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিয়মিতভাবে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে বলেন, বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ মহাসড়কে সুশৃঙ্খল ও নির্দ্বিধায় ঈদযাত্রা নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন করে যানজট সৃষ্টি করা যাবে না এবং রাস্তার উপর যত্রতত্র বাস রেখে চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে। ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার পরিবহন সংশ্লিষ্টদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, নিরাপদ ও যানজটমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এমপি এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে