বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রোববার (২৪ মে) ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জাতীয় লটারি ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিবন্ধীদের ভেতরেও অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। তাদের মেধা বিকাশের যথাযথ সুযোগ সৃষ্টি করা হলে তারা চাকরি, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণও সমানভাবে জরুরি। তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা বড় ধরনের অন্যায় বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির দীর্ঘমেয়াদী জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সহায়তা, শ্রমিকবান্ধব কর্মসূচি এবং ঢাকা শহরের হকারদের পুনর্বাসনের উদ্যোগ তার উদাহরণ।
তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো সুস্থ ও সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব। ‘জাতীয় লটারি ২০২৬’-এর প্রতিটি টিকিট ক্রয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন হাজারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুস সাত্তার দুলালসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলম কবির।




























