দেশের খেলাধুলার মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোমেসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট।
‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’ স্লোগানের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সার্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলাকে একটি শক্তিশালী সামাজিক মাধ্যম হিসেবে গড়ে তোলা। চারটি ক্যাটাগরিতে (১ কিমি, ৫ কিমি, ১০ কিমি ও ২১.১ কিমি হাফ ম্যারাথন) দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণ দেশের ক্রীড়া সংস্কৃতির ইতিবাচক চিত্র তুলে ধরে।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত দৌড় প্রতিযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিজেও অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষসহ সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে তিনি যুবসমাজকে ‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’ মূলমন্ত্রে জীবন গড়ার আহ্বান জানান। আন্তর্জাতিক মানের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

























