বন্ধ কলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল

0
3

বাংলাদেশ ব্যাংক শিল্প ও অর্থনীতিকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। এই তহবিলের আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

শনিবার (২৩ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, মোট তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা থাকবে পুনঃঅর্থায়ন স্কিমে। সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে, ফলে উদ্যোক্তাদের প্রকৃত সুদের হার দাঁড়াবে মাত্র ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালুর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণ ও কৃষিভিত্তিক হাব গড়ে তুলতে ৬ হাজার কোটি টাকা।

বিশেষ ১৯ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রি-শিপমেন্ট ক্রেডিট, ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া ও জুতা, মৎস্য রপ্তানি, প্রবাসী কর্মসংস্থান, বেকার যুবক, গ্রিন প্রকল্প, স্টার্টআপ ও সৃজনশীল অর্থনীতিকে।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ‘কাউন্টার সাইক্লিক্যাল ইন্টারভেনশন’ নীতির মাধ্যমে বাজারে বিনিয়োগ ও চাহিদা বাড়াতে কাজ করছে। অর্থনীতি যখন ধীরগতিতে থাকে, তখন এমন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে গতি ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগে বিনিয়োগ বাড়বে, বন্ধ শিল্প পুনরায় চালু হবে এবং অর্থনীতিতে নগদ প্রবাহ ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে