প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। বুধবার (২০ মে) গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ তৈরি করে প্রতিবেশী দেশগুলো পানি সরিয়ে নিচ্ছে, ফলে খরা মৌসুমে বাংলাদেশে পানি সংকট দেখা দেয়। পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষা ও খরা উভয় মৌসুমে কৃষকদের জন্য পানি নিশ্চিত করা হবে। একইভাবে তিস্তা ব্যারাজও বাস্তবায়ন করবে বিএনপি সরকার।
ফারাক্কা বাঁধের কারণে দক্ষিণাঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে সুন্দরবনের গাছপালা ও প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পানি ধরে রাখার জন্য ব্যারাজ নির্মাণ অপরিহার্য।
আবহাওয়ার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে মার্চ মাসেও শীত অনুভূত হতো, কিন্তু এখন জানুয়ারিতেও শীত কম পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভূমি ও বনভূমি সংকুচিত হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা শিবির স্থাপনের ফলে হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষতি কমানো যায়। নতুন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ভূমিকম্প, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আহ্বান জানান, সীমিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সম্পদ রক্ষা করা গেলে বাংলাদেশ ধীরে ধীরে উন্নত দেশের পথে এগোবে। অন্যথায় জনগণের দুর্ভোগ বাড়বে।




























