লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ২৭৮ রানে থামল বাংলাদেশ

0
14

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস খেলেছেন অসাধারণ ১২৬ রানের ইনিংস।

শনিবার (১৬ মে) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় বলেই বিদায় নেন। এরপর তানজিদ হাসান (২৬) ও মোমিনুল হক (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

৩ উইকেটে ৬৩ রান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৯) ও মুশফিকুর রহিম (২৩) দলকে এগিয়ে নিলেও দ্রুত উইকেট হারিয়ে ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তখনই লিটন দাস ও তাইজুল ইসলাম সপ্তম উইকেটে ৫২ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন।

তাইজুল (১৬) ফেরার পর লিটন একাই ব্যাটিংয়ের হাল ধরেন। তাসকিন আহমেদ (৭) ও শরিফুল ইসলামকে (১২*) সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। নবম উইকেটে শরিফুলকে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন।

১৬টি চার ও ২টি ছক্কায় ১৫৯ বল খেলে ১২৬ রানে আউট হন তিনি। তার বিদায়ের পর শেষ ব্যাটার নাহিদ রানা আউট হলে ২৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪টি, মোহাম্মদ আব্বাস ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।

দিনের শেষভাগে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ২১ রান তোলে। ওপেনার আজান আওয়াইস ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে