খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ তিনজন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন— সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পুলিশ জানায়, রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর এবং অপর দুজন সংগঠনের সক্রিয় সদস্য।
অভিযানের সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলিবর্ষণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তল্লাশিতে সুইথোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় এবং রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় থানার ওসি মো. নাজির আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।




























