ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে। কলম্বিয়ান পপ তারকা শাকিরার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বুর্না বয়। শুক্রবার (১৫ মে) বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গানটি প্রকাশের ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়েছে সংস্থাটি, যা বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।
২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ‘লা লা লা’ দিয়ে ভক্তদের মাতানো শাকিরা দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরলেন। এবারের গানটির দৈর্ঘ্য ৩ মিনিট ৪৫ সেকেন্ড।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যা চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে শাকিরা, ম্যাডোনা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস পারফর্ম করবেন। তার আগ পর্যন্ত ভক্তদের হৃদয়ে ঢেউ তুলবে নতুন থিম সং ‘দাই দাই’।


























