বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে এবং গণতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা এখন সময়ের দাবি।
বুধবার (১৩ মে) রাজধানীর একটি হোটেলে সিটিজেনস ফোরাম বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছি এবং এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব হলো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা।’ তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা টেকসই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও আমেরিকাকে তার গণতান্ত্রিক চরিত্র বজায় রাখতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সক্ষম শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব বর্তেছে। প্রতিষ্ঠান শক্তিশালী করতে পারলে এই সংসদ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জনমত প্রকাশের পরিসর উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে এবং মানুষ এখন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুক্ত আলোচনার মাধ্যমে অবাধে মতামত প্রকাশ করছে।
সংসদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বহু ত্যাগের মাধ্যমে গঠিত এই সংসদকে ভারসাম্য ও দায়িত্ববোধের সঙ্গে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, অর্থনীতিবিদ বদিউল আলম মজুমদার, ফটোগ্রাফার ও সমাজকর্মী শহিদুল আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বক্তব্য রাখেন। বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।




























