নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

0
18

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না। এজন্য তিনি সবাইকে নতুন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি)-এর মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে—মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ।” তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। ভোটারদের ৫২ শতাংশ বিএনপির ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছেন, তাই সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, “আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেব, শিক্ষার্থীদের সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করব, নারী-পুরুষ-শিশু সবাইকে নিরাপদে চলাচলের সুযোগ দেব।” রাজনৈতিক স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই দেশে এমন পরিস্থিতি হোক যেখানে বিতর্ক হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে।”

তারেক রহমান আরও বলেন, “বর্তমান সরকার বিএনপি সরকার। তাই বিএনপির সহযোগিতা ছাড়া অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।”

দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পর দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে