মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চাঁদাবাজি একটি অপরাধ এবং যারা এ কাজে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, আসন্ন ঈদে সড়কে ভোগান্তি কমাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে মহাসড়কে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, ‘আগামী ঈদে সড়কে চ্যালেঞ্জ বেশি হলেও জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
এ সময় তিনি সংসদে জমা পড়া চাহিদাপত্রের প্রসঙ্গ তুলে ধরে বলেন, গত দুই মাসে জমা পড়া প্রকল্প বাস্তবায়নে ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৪০ হাজার কোটি টাকা। তবুও সড়ক প্রশস্তকরণসহ উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।
সরকারের এই উদ্যোগ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।




























