আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অত্যাধুনিক এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন ল্যাবটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড লামাগনা, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
ড. হাসানুল এ হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ল্যাব এআইইউবিতে শিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
ল্যাবটিতে এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় এআই প্রক্রিয়াকরণে সক্ষম। এর মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকরা বৃহৎ পরিসরের এআই মডেল—যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম—নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ফলে শিক্ষার্থীরা এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে পারবেন।
এই উদ্যোগে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সভরেইন এআই’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি, বস্ত্রশিল্পসহ বিভিন্ন খাতে গবেষণায় এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এআইইউবি জানিয়েছে, এই ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের এআই গবেষণা ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে এবং বিশ্বমানের কম্পিউটেশনাল সুবিধার মাধ্যমে ভবিষ্যৎ উদ্ভাবকদের সক্ষম করে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

























