জনপ্রশাসনের প্রতিটি পদে কাজের মানসিকতা তৈরির আহ্বান প্রধানমন্ত্রী

0
20

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তাদের সব পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকা জরুরি।

তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় পোস্টিং পাওয়ার জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে লাভবান হওয়া যায়, তবে তা সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দুর্নীতি ও অপেশাদারীত্বের অন্যতম কারণ হলো সবসময় পছন্দের পদে পদায়নের মানসিকতা।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, দেশের যে কোনো স্থানে, যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা ও কর্মদক্ষতার ওপর সরকারের কার্যক্রমের সাফল্য নির্ভর করছে। মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা জাতীয় পর্যায়ের সিদ্ধান্তে প্রতিফলিত হওয়া উচিত।

প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে ডিসিদের কঠোর নজরদারির নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা করতে হবে।

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ। তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে জনপ্রশাসনের কর্মকর্তাদেরও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজেদের প্রস্তুত রাখতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে