বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

0
17

আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তার প্রথম কোনো জনসমাবেশে অংশগ্রহণ।

সমাবেশের শুরুতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ছাত্রজনতার আন্দোলনে শহীদ শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “স্বৈরাচারের সময়ে দেশের শিল্প-কলকারখানা ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী-পুরুষ সকলে মিলে দেশ গড়ার পালা।”

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনের আগে জনগণের সামনে ৩১ দফা সংস্কার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। সেই অনুযায়ী সরকার গঠন করার পর প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড প্রদানের কাজ শুরু হয়েছে। এছাড়া নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করেছে, তখনই মিল-কলকারখানা গড়ে উঠেছে এবং অর্থনীতি শক্তিশালী হয়েছে। আজ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। আমরা দেশ গড়তে চাই, জনগণের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে চাই।”

প্রধানমন্ত্রী সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে আহ্বান জানান, দেশের শ্রমিক হিসেবে সবাইকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উক্তি উদ্ধৃত করে বলেন, “প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।”

আন্তর্জাতিক শ্রমিক দিবসে তিনি প্রতিজ্ঞা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা দেশগড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করি এবং জীবনের বাকি দিনগুলো দেশ গড়ার কাজে ব্যয় করি।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে