যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ প্রস্তাব দেওয়া হয় বলে শুক্রবার (১ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি ইরান যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা ভাঙার সম্ভাবনা বাড়িয়েছে। যদিও প্রস্তাবের বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংবাদ প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। নতুন করে যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া ইরানের নতুন প্রস্তাব যদি আলোচনার পথ খুলে দেয়, তবে তা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং আন্তর্জাতিক মহল গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে।

































