শ্রমজীবী মানুষই উন্নয়নের প্রধান শক্তি: প্রধানমন্ত্রী

0
4

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী ও কর্মজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান অবলম্বন। তিনি দেশের ও প্রবাসে কর্মরত সব শ্রমিককে শুভেচ্ছা জানিয়ে তাদের অবদানকে জাতীয় সমৃদ্ধির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, অবকাঠামো ও শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে। এ বছর মে দিবসের প্রতিপাদ্য—“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত”—এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমনীতি ও উদ্যোগের কথা তুলে ধরে জানান, তার সময়েই শ্রমিক কল্যাণে সংস্কার এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের ভিত্তি তৈরি হয়, যা আজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরকারের পদক্ষেপ হিসেবে তিনি উল্লেখ করেন—শ্রম আইন সংস্কার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের জন্য সুবিধা নিশ্চিতকরণ এবং প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক অধিকার সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে