ট্রেনের ৮০ শতাংশে নতুন রেক, যাত্রীসেবার মান বেড়েছে: রেলমন্ত্রী

0
19

দেশের আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় ৮০ শতাংশ পুরোনো রেক পরিবর্তন করে নতুন রেক সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, আধুনিক কোচ যুক্ত করার ফলে যাত্রীসেবার মান বেড়েছে এবং রেল ভ্রমণ এখন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হয়েছে। যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর সৌন্দর্যবর্ধন সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলা স্টেশনে রিমডেলিং করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা কাউন্টার, স্বতন্ত্র টয়লেট, হুইলচেয়ার ও র‍্যাম্প সুবিধা। পাশাপাশি যাত্রীদের ওঠানামার সুবিধার্থে বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজ চলছে। বিনা টিকিটের যাত্রী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হচ্ছে। ট্রেনের ভেতরে মানসম্মত খাবার ও অনবোর্ড সুবিধাও জোরদার করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় এসেছে। বাকি ১৫টি জেলাকে দ্রুততম সময়ে রেল নেটওয়ার্কে যুক্ত করার প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তিনির্ভর রেল ব্যবস্থা গড়তে ভারত থেকে ২০০টি ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের কাজ চলছে। প্রথম চালানে ২০টি কোচ আগামী মে মাসের শেষ সপ্তাহে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আরও ২৬০টি ব্রডগেজ ক্যারেজ, ৩০টি মিটারগেজ লোকোমোটিভ, ২০০টি মিটারগেজ ক্যারেজ, রিলিফ ট্রেন ও আধুনিক লেদ মেশিন সংগ্রহের প্রকল্পও শেষ পর্যায়ে রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে