ইরানের সামনে ‘ভালো ও বিচক্ষণ’ চুক্তির সুযোগ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0
8

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তারা চাইলে একটি ভালো ও বিচক্ষণ চুক্তিতে পৌঁছাতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগনে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইনও উপস্থিত ছিলেন।

হেগসেথ বলেন, আলোচনার টেবিলে এখনও ইরানের জন্য দরজা খোলা আছে। তাদের করণীয় হলো পারমাণবিক অস্ত্রের পথ অর্থবহভাবে পরিহার করা। তিনি জানান, ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে এ পর্যন্ত অন্তত ৩৪টি জাহাজ ফেরত পাঠানো হয়েছে।

তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরও কঠোর হচ্ছে। পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর কোনো কিছুই ইরানের বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তিনি আরও জানান, এই অবরোধ শুধু বিস্তৃত হচ্ছে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

হেগসেথ স্পষ্ট করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে মার্কিন অবরোধ বজায় থাকবে। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের হাতে অফুরন্ত সময় আছে এবং তারা চুক্তি করার জন্য মোটেও উদ্বিগ্ন বা তাড়াহুড়ো করছে না।

এদিকে পাকিস্তানের তিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে