সাবেক প্রসিকিউটরের ঘুষ দাবি, তদন্তে প্রাথমিক সত্যতা

0
23

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি (ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে গঠিত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ডের সত্যতা যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তবে টাকা লেনদেন হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। শিগগিরই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অভিযোগ ওঠার পরপরই সাইমুম রেজাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। গত ৯ মার্চ তিনি পদত্যাগ করেন। ওই দিনই তার দুটি মোবাইল ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হয়, যেখানে চট্টগ্রাম-৬ আসনের তৎকালীন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করতে শোনা যায় তাকে। ফোনের অপর প্রান্তে ছিলেন ওই সাংসদের আইনজীবী রিজওয়ানা ইউসূফ।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ এপ্রিল মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে ফরমাল চার্জ জমা দেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত ৭ এপ্রিল অভিযোগটি আমলে নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে