হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিরাপদ রাখতে মাইন অপসারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী মানবচালিত ও মানববিহীন উভয় ধরনের প্রযুক্তির সমন্বয়ে মাইন শনাক্ত ও ধ্বংস করছে।
সামরিক বিশ্লেষকদের মতে, দ্রুত মাইন শনাক্ত করার পর সমুদ্র-রোবট পাঠানো হচ্ছে বিস্ফোরক বস্তু ধ্বংসে। এতে সময় অনেক কম লাগছে। মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান জানান, মানববিহীন ড্রোন ব্যবহারের ফলে কয়েক সপ্তাহের কাজ এখন কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান দাবি করেছে তারা সংঘাতে ‘বিজয়ী’। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। তিনি আরও জানান, নিজেদের শর্ত পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এই পরিস্থিতি হরমুজ প্রণালিকে আবারও বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। একদিকে যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি দিয়ে নৌযান নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ইরান নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করছে।
































