প্রশংসা কুড়াচ্ছে পারিবারিক গল্পে ‘ভালোবাসার অন্য নাম তুমি’

0
19

চলতি বছর দর্শকরা পারিবারিক গল্পনির্ভর নাটকের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এর ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।

নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চার তারকা শহীদুজ্জামান সেলিম, ডলি জহুর, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির গল্প ও অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ইউটিউবের কমেন্টবক্সে অনেকেই লিখেছেন, “এখন এই সময়ে এসে এমন একটা হৃদয় ছোঁয়া নাটকের অভিনয় দেখতে পাবো, ভাবাই যায় না।” আরেকজন দর্শক লিখেছেন, “নাটকটা দেখতে দেখতে সেই ৯০ দশকে চলে গিয়েছিলাম।”

নাটক প্রসঙ্গে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, “এই নাটকের বিশেষ দিক হচ্ছে—আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এখানে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ। দর্শক একটি চমৎকার গল্প দেখতে পাবে।”

দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করছে, পারিবারিক গল্পনির্ভর নাটক এখনও দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে