মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরানের আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ইরান জানিয়েছিল, তারা ‘শত্রু’ দেশে দল পাঠাবে না এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেছেন, ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপে খেলবে।
বুধবার (১৫ এপ্রিল) সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো বলেন, “ইরান অবশ্যই আসবে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে।”
তিনি আরও যুক্তি দেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। ইরান তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে এবং খেলোয়াড়রা খেলতে চায়। তাই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে।

































