ইরানে অস্ত্র সরবরাহ না করতে চীনকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প

0
5

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ ও ইরান সংকটের মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পত্রবিনিময়ের তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে তিনি শি জিনপিংকে সতর্ক করেছিলেন এবং চীনা প্রেসিডেন্ট তা না করার আশ্বাস দিয়েছেন। ট্রাম্প জানান, চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—এমন খবর পাওয়ার পর তিনি শি জিনপিংকে একটি চিঠি লিখেছিলেন। জবাবে শি জানান, বেইজিং ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না।

যদিও এই পত্রবিনিময় কবে হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে গত সপ্তাহে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যেসব দেশ ইরানকে অস্ত্র দেবে তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সাক্ষাৎকার প্রচারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার সিদ্ধান্তে চীন অত্যন্ত খুশি। তিনি বলেন, “আমি এটি তাদের জন্য করছি, সেই সাথে পুরো বিশ্বের জন্যও। চীন ইরানকে অস্ত্র না দেওয়ার বিষয়ে একমত হয়েছে।”

বৈশ্বিক তেলের বাজার নিয়ে ট্রাম্প মন্তব্য করেন, ইরান যুদ্ধ বা ভেনিজুয়েলার পরিস্থিতি তার পরিকল্পিত বৈঠকে কোনো প্রভাব ফেলবে না। তিনি উল্লেখ করেন, চীনের তেলের প্রয়োজন আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নেই।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে বলে জানান ট্রাম্প। হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমি সেখানে গেলে প্রেসিডেন্ট শি আমাকে একটি বড় ও উষ্ণ আলিঙ্গন দেবেন।” তবে একই সাথে তিনি সতর্ক করে দেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র যেকোনো দেশের চেয়ে ভালো লড়াই করতে সক্ষম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে