ক্রুড অয়েল সংকটে বন্ধ হলো ইস্টার্ন রিফাইনারি

0
7

অপরিশোধিত জ্বালানি তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি রবিবার বিকালে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম চালায়।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত না থাকায় মঙ্গলবার দুপুর থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী দুটি ইউনিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সীমিত পরিসরে শুধু বিটুমিন উৎপাদন চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় চলতি মাসের শুরু থেকেই শোধনাগারটি কাঁচামালের সংকটে ভুগছিল। বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম জানান, অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী পেট্রোল, ডিজেল, অকটেন উৎপাদন না হওয়ায় বিপিসি বাইরের উৎস থেকে ফিনিশড প্রোডাক্ট এনে ঘাটতি পূরণের চেষ্টা করছে।

প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার টনসহ মোট ১৩ ধরনের জ্বালানি পরিশোধনের সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানের, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। তবে সৌদি আরব থেকে নতুন চালান পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ১৮ এপ্রিল প্রায় ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল জাহাজে তোলা হবে এবং ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে