যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
তবে আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে লেবানন ইস্যুকে কেন্দ্র করে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, লেবাননও এর আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, লেবানন এতে অন্তর্ভুক্ত নয়। এরপর ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলায় দেশটিতে দুই শতাধিক মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ জন আহত হন।
ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায় তবে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল এ শর্ত মানেনি। এ নিয়েই মূলত দ্বন্দ্ব চলছে।
এরই মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইসলামাবাদে মার্কিনিদের সঙ্গে সংলাপ স্থগিত করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান।
































