হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ান গ্রহণ করছে ইরান

0
14

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ করেছে ইরান, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। টানা ৩৮ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির পুরো সময় টোল আদায় চলবে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, জাহাজগুলোকে আগাম টোল পরিশোধ করতে হবে এবং তা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে গ্রহণ করা হবে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক ইরানি বাণিজ্য প্রতিনিধির তথ্যমতে, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল নির্ধারণ করা হয়েছে। ফলে বড় তেলবাহী ট্যাংকারগুলোর জন্য খরচ কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে খালি জাহাজের ক্ষেত্রে কোনো ফি প্রযোজ্য হবে না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অনুমোদন ছাড়া কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী নির্ধারিত পথ দিয়ে চলাচল করতে হবে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন এড়িয়ে বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ান বেছে নিয়েছে তেহরান। এতে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমবে এবং নিষেধাজ্ঞা এড়ানো সহজ হবে। ইতোমধ্যে ইউয়ানে টোল আদায় শুরু হয়েছে বলে আঞ্চলিক সূত্র জানিয়েছে। তবে উপসাগরীয় আরব দেশগুলোতে উদ্বেগ বাড়ছে, কারণ এই ব্যবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে