ভারত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ড. রহমান বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষ একমত হয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।
ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে। এছাড়া ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর অনুরোধের বিষয়ে ভারত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করে। সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়।

































