মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে বিশ্বনেতাদের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ইউনূস সেন্টারের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে ড. ইউনূস বলেন, চলমান সংঘাত বিশ্বকে আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এতে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের প্রাণহানি ঘটছে; বাড়িঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদা উপেক্ষিত হচ্ছে। তিনি এটিকে কেবল আঞ্চলিক সংকট নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
ড. ইউনূস সতর্ক করে বলেন, এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়াচ্ছে, যার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠছে। তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে।
তার বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের যুদ্ধ নয়, শান্তিকে বেছে নিতে হবে। হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।”




































