স্বাস্থ্যখাতের অবহেলা দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান

0
19

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হলেও সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক সভায় তিনি কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য সর্বাত্মক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে রয়েছে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত এবং জনগণকে প্রতিদিন মানসম্মত সেবার জন্য লড়াই করতে হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগণ বহন করে, যা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, নবজাতক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যেন সুচিকিৎসা পায়, অন্তঃসত্ত্বা নারীরা যেন দ্রুত ও সহজে জটিল সমস্যার সমাধান পান—এটাই সরকারের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, এই এলাকার মানুষ পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে শ্রম দিয়ে শহরের জীবনযাত্রা সচল রেখেছে, অথচ তাদের বড় অংশ প্রতিদিন স্বাস্থ্য সমস্যার সমাধান খোঁজে স্থানীয় ফার্মেসিতে।

তিনি স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানান, যেন তারা জনগণকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিনামূল্যের স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে তিনি হাসপাতালের নতুন প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যা আইসিইউ উদ্বোধন করেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ডা. জুবাইদা রহমানের উপস্থিতি দায়বদ্ধতার প্রতিফলন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান জানান, নতুন আইসিইউ ইউনিটে অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল রয়েছে, যা গুরুতর রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে