স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবকাঠামো, পিপিপি, পরিবহন এবং প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।
বৈঠকে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী উন্নয়ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























