সংসদে ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

0
22

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, সংসদ সদস্যদের তথ্যসমৃদ্ধ হতে হবে এবং সংসদীয় কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।

প্রধানমন্ত্রী নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীলভাবে বক্তব্য রাখার নির্দেশ দেন। তিনি ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

সভায় প্রধানমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে দলীয়ভাবে নারী এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

সভায় বিএনপি দলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যার মধ্যে বিএনপি ৩৬টি আসন লাভ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে