মশা নিধনে ব্যবহৃত ওষুধ শতভাগ কার্যকর : ডিএসসিসি প্রশাসক

0
29

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, মশা নিধনে ব্যবহৃত লিকুইড ম্যালাথিউন ও টেমিফস ওষুধের কার্যকারিতা শতভাগ সন্তোষজনক। আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষায় এই ওষুধ সম্পূর্ণ সফল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, নগরবাসীকে এর সুফল দিতে হলে মাঠপর্যায়ে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রশাসক আরও জানান, এডিস মশা নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, মানবিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজে লাগিয়ে মশা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সফল হতে হবে।

ডিএসসিসি এলাকার ১০টি অঞ্চলের মোট এক হাজার ৫০ জন মশক সুপারভাইজার ও কর্মীকে পাঁচটি ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে মশার জীবনচক্র, প্রজাতি শনাক্তকরণ, মশাবাহিত রোগ প্রতিরোধ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং আধুনিক যন্ত্রপাতি পরিচালনার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সচিব মোহাম্মদ নাছিম আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিএসসিসি এলাকায় চিহ্নিত হটস্পটগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং এবং বিকেল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে