‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

0
9

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, সরকার পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণকে এই সেবা দেওয়া হবে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এটি ইলেক্ট্রনিক রিফারেল ও পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ১৮০ দিনের কর্মসূচির অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি জানান, নারী প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদানের পাইলটিং পর্যায়ে ৬০ হাজারের বেশি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। কৃষক কার্ডের প্রি-পাইলটিং পর্যায়ে ২০ হাজারের বেশি কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। কৃষি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে।

ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা প্রদানের উদ্যোগও বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে ৪ হাজারের বেশি মসজিদ, প্রায় এক হাজার মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি গির্জায় কর্মরতদের ভাতা দেওয়া হচ্ছে। পানি সম্পদ ও স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলছে।

পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বর্ষায় প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে জাতীয় গ্রিডে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি চালু করেছে, যেখানে আটটি খেলায় প্রতিভা অন্বেষণ করা হবে।

সংসদের বৈঠক বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়। প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি তারকা চিহ্নিত তিনটি প্রশ্নের উত্তর দেন এবং সম্পূরক প্রশ্নের জবাব দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে