ঢাকা-১২ আসনে বিএনপি প্রার্থী দিচ্ছে না; সাইফুল হককে সমর্থন

0
157

মেহেদী মাসুদঃ রাজনৈতিক মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসনে নিজস্ব প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে এই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই কয়েকটি আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সিদ্ধান্তের ফলে ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহকারী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন প্রত্যাহার করতে হচ্ছে। উল্লেখ্য, গত সোমবার তিনি ঢাকা-১২ আসন থেকে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেন এবং এলাকায় গণসংযোগ কার্যক্রমও শুরু করেছিলেন। মনোনয়ন সংগ্রহের পর তিনি জানিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে আসন সমঝোতার সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আসন সমঝোতার আওতায় যেসব প্রার্থী চূড়ান্ত হয়েছেন—তাদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, আবার কেউ নিজ নিজ দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এসব আসনে বিএনপি আলাদা কোনো প্রার্থী দেবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুগপৎ আন্দোলনের ঐক্য অটুট রাখা এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এই আসন সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে