ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এটি ছিল ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় সভা। সভায় নগরীর যানজট কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।




























