ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় চারটি আবাসিক ভবনে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানিয়েছে, বাসিন্দাদের কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
প্রথমে আল-শিফা হাসপাতাল সূত্রে ছয়জন নিহতের খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছর ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এরপরও ইসরায়েলি বাহিনী তিন হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
বর্তমানে যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

























