দেশের ১৩তম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা করল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। বাংলাদেশ ও শ্রীলংকা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সোমবার (২০ এপ্রিল) রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অভিষেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে এই প্রথম লঙ্কানদের বিপক্ষে জয় পেল টাইগ্রেসরা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে। ওপেনার ইমেশা দুলানি করেন ৫২ ও হানসিমা করুনারত্নে করেন ৫৪ রান। বাংলাদেশের হয়ে রিতু মনি ৩ উইকেট নেন, নাহিদা আক্তার পান ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর শারমিন আক্তার ও সোবহানা মোস্তারির জুটি দলকে ঘুরে দাঁড় করায়। শারমিনের ১২৭ বলে ৮৬ রানের ইনিংস এবং স্বর্ণা আক্তারের ৪১ রানে ভর করে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। শেষদিকে নাহিদা আক্তার ও সুলতানা খাতুনের অবিচ্ছিন্ন জুটিতে জয় আসে ৩ উইকেটে।
ম্যাচসেরার পুরস্কার পান শারমিন আক্তার। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

































