কংগ্রেসে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস, ইরান ইস্যুতে চাপে ট্রাম্প

0
8

মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানবিরোধী সামরিক পদক্ষেপ সীমিত করার প্রস্তাব পাস হয়েছে। বুধবার (৩ জুন) অনুষ্ঠিত ভোটাভুটিতে ২১৫ জন সদস্য প্রস্তাবের পক্ষে এবং ২০৮ জন বিপক্ষে ভোট দেন। প্রস্তাব অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে বা মার্কিন বাহিনী মোতায়েন রাখতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যও প্রস্তাবটির পক্ষে ভোট দেন। রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে এবং সেই কর্তৃত্ব রক্ষা করা জরুরি। অন্যদিকে হোয়াইট হাউস প্রস্তাবটিকে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপের চেষ্টা বলে সমালোচনা করেছে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটির তাৎক্ষণিক আইনি প্রভাব স্পষ্ট নয়। তবে এটি ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং যুদ্ধবিরোধী জনমতও জোরালো হচ্ছে। ফলে প্রশাসনকে আরও বেশি রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস এই ভোটকে ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী দ্বিদলীয় বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুদ্ধ ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং জ্বালানি সংকট বাড়িয়েছে এবং কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে এবং হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে