লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসান কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১ জুন) নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে উল্লেখ করেন, জায়নবাদী আগ্রাসন বন্ধ করতে হিজবুল্লাহর প্রতিরোধকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে তেহরান।
তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতি হওয়াটাই যেকোনো কূটনৈতিক সমঝোতার জন্য অপরিহার্য শর্ত। ইরান হিজবুল্লাহকে তার অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করে এবং লেবাননের স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
অন্যদিকে একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুত শহরতলীতে নতুন করে বিমান হামলার নির্দেশ দেন। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী ঐতিহাসিক বোফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নেয়। নেতানিয়াহু ঘোষণা করেন, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে দখলদারিত্ব আরও বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
বর্তমানে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে, তখনই ইসরায়েল লেবাননে আগ্রাসন বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় ইরান স্পষ্ট করেছে, হিজবুল্লাহ ও লেবাননকে সমর্থন দেওয়া তারা কোনোভাবেই বন্ধ করবে না।

























