ফারাক্কা বাঁধে পানির বঞ্চনার জন্য আওয়ামী লীগ দায়ী: মির্জা ফখরুল

0
10

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কারণে দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। শুক্রবার (১৫ মে)‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ উপেক্ষা করেছিল। এর ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ প্রভাব পড়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে সে অঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল উল্লেখ করেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে জনগণ রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেয়। সেই আন্দোলনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়। তিনি বলেন, আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। ভারত অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, তৎকালীন আওয়ামী সরকার জনগণের মতামত অগ্রাহ্য করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। কিন্তু সেই বাঁধ এখনো চালু রয়েছে এবং সেটি মরণফাঁদে পরিণত হয়েছে। তিনি ফারাক্কা দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে