মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

0
19

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগাররা ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিং এবং পেসার নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে এসেছে এই ঐতিহাসিক জয়।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় জয় হলেও ঘরের মাঠে প্রথম। এর আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তান সফরে দুটি টেস্টে জয় পেয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে জয় এনে দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শান্তর দল।

প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি (১০১), মোমিনুলের ৯১ ও মুশফিকের ৭১ রানে ভর করে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান, যেখানে আজান আওয়াইসের সেঞ্চুরি (১০৩) ছিল উল্লেখযোগ্য। স্পিনার মেহেদি হাসান মিরাজ নেন ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে শান্ত আবারও সামনে থেকে নেতৃত্ব দেন। তার ৮৭ রানের ইনিংস এবং মোমিনুলের ৫৬ রানে ভর করে বাংলাদেশ ২৪০ রানে ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

জয়ের জন্য ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। ওপেনার ইমাম উল হক মাত্র ২ রানে আউট হন তাসকিন আহমেদের বলে। এরপর ফজল ও সালমান কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদ রানার গতি ও নিখুঁত লাইন-লেন্থে ভেঙে পড়ে তাদের ব্যাটিং। নাহিদ ৯.৫ ওভারে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। শেষ পর্যন্ত পাকিস্তান ১৬৩ রানে অলআউট হয়ে যায়।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে প্রথম জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।

ম্যাচ শেষে শান্তকে ম্যাচসেরা ঘোষণা করা হয়। তার নেতৃত্বে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১৩/১০ (শান্ত ১০১, মোমিনুল ৯১, মুশফিক ৭১)
পাকিস্তান: ৩৮৬/১০ (আজান ১০৩, ফজল ৬০, রিজওয়ান ৫৯)
বাংলাদেশ: ২৪০/৯ ডি (শান্ত ৮৭, মোমিনুল ৫৬)
পাকিস্তান: ১৬৩/১০ (ফজল ৬৬, সালমান ২৬, নাহিদ ৫/৪০)
ফল: বাংলাদেশ জয়ী ১০৪ রানে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে