মেগা প্রকল্পে অর্থ অপচয় নয়, বাস্তবভিত্তিক পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার

0
10

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান সরকার জনগণের অর্থ অপচয় করে মেগা প্রকল্প হাতে নিতে চায় না। প্রতিটি প্রকল্পের বাস্তব সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, সেটাই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগের মতো বিচার-বিশ্লেষণ ছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার। বরং বাস্তবসম্মত পরিকল্পনা ও জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে দেখানো যাবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। জনগণের মধ্যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতির ধারণা তৈরি হয়েছে, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই নেতিবাচক ধারণা দূর করতে হবে।

অনুষ্ঠানে সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প নিয়ে জনগণের মধ্যে যে দুর্নীতির ধারণা রয়েছে, তা দূর করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ঢাকার যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে