এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করা হবে।
সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মশার প্রজননক্ষেত্র ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশকের মান নিশ্চিত করা, সঠিক প্রয়োগ পদ্ধতি অনুসরণ, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’
সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ রেলওয়ে, শিক্ষা অধিদপ্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ নগরবাসীর অংশগ্রহণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে।




























